থার্ডআই ডেস্ক

সঠিক নিয়মে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুতে গত ১৬ সেপ্টেম্বর নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে ইরানজুড়ে শুরু হওয়া বিক্ষোভ চতুর্থ সপ্তাহে পড়েছে।
স্কুলছাত্রীদের স্লোগান, বিস্তৃত ধর্মঘট, সড়কে রক্তক্ষয়ী সংঘর্ষ আর কর্তৃপক্ষের দমনপীড়ন, রক্তচক্ষু উপেক্ষা করেই চলছে আন্দোলন।

অন্যদিকে ইরানের সরকার আমিনির মৃত্য পরবর্তী টানা বিক্ষোভকে যুক্তরাষ্ট্রসহ ইরানের শত্রুদের ষড়যন্ত্র হিসেবে দেখছে। তারা সহিংসতার জন্য সশস্ত্র ভিন্নমতাবলম্বীদেরও দায়ী করছে।

সহিংসতায় এখন পর্যন্ত ১৮৫ জন মানুষ মারা গেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। নিহতদের মধ্যে অন্তত ১৯ জনই শিশু। এছাড়া নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ জন সদস্যের প্রাণ গেছে বলেও খবর পাওয়া গেছে।
শনিবার কুর্দিস্তানের পশ্চিমের প্রদেশে আমিনির শহর সাকেজে স্কুলছাত্রীরা মাথার ওপর স্কার্ফ দোলাতে দোলাতে ‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগান দিয়ে রাস্তায় বিক্ষোভ করেছে বলে রেকর্ড করা এক ভিডিও প্রকাশ করে বলেছে কুর্দিদের অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠী হেনগাও।

তাদের শেয়ার করা অন্য এক ভিডিওতে কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানান্দাজে একটি স্কুলের শিক্ষার্থীদের একই স্লোগান দিয়ে স্কুলে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থাগুলো তেহরানে সামান্য পরিসরে বিক্ষোভের খবর দিয়েছে।
বার্তা সংস্থা ইসনার খবরে বলা হয়েছে, রাজধানীর ১০টির মতো এলাকায় ‘সীমিত পরিসরে’ প্রতিবাদ দেখা গেছে।