ফেনী প্রতিনিধি

বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে ফেনী জেলা বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১২ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ এলাকায় প্রায় ১৫টি গাড়িতে হামলায় বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন জানান, চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে দাগনভূঞা উপজেলা বিএনপির ১০/১২টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসময় সরকার দলীয় ক্যাডারদের হামলায় দাগনভূঞা উপজেলা যুবদল আহ্বায়ক কবির আহমেদ ডিপলু, যুগ্ম আহ্বায়ক দিদার, ছাত্রদলের আহ্বায়ক রাজিব, যুগ্ম আহ্বায় জাবেদ, ফেনী পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী ছাত্রনেতা রিপন, শুভসহ প্রায় ৩০ নেতাকর্মী হামলার শিকার হয়।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘বুধবার সকালে ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ অংশে ১৫টি গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় আহত হন ৩০ জন নেতাকর্মী। ’

আলাল আরও বলেন, শত বাধা বিপত্তি উপেক্ষা করে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনে করে ফেনী থেকে কয়েক হাজার নেতা-কর্মী বিভিন্নভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছে।

জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, সমাবেশে অংশ নিতে ফেনী থেকে ১০০টি বাস ও মাইক্রোবাসে চট্টগ্রামের যায় নেতাকর্মীরা। এর বাইরে ব্যক্তিগত গাড়িতে যায় অনেকে।

প্রসঙ্গত, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।