ক্রীড়া প্রতিবেদক

আগস্ট মাসেই আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন সিকান্দার রাজা। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটানোর পর জিম্বাবুয়ের এ তারকা জিতে নেন সেই কীর্তি। এবার অক্টোবরের সেরার তালিকায়ও যুক্ত হয়েছে রাজার নাম। এবারের সঙ্গী ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার হার্ড-হিটার ডেভিড মিলার।

জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে গত আগস্ট মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন রাজা। সেই ছন্দের ধারবাহিকতায় ব্যাট ও বল হাতে কোহলি ও মিলারের সঙ্গে পাল্লা দিয়েই পারফর্ম করেছেন। দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে অক্টোবরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন তিনি।

বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে রাজার ৪৭ বলে ৮২ রানের ইনিংসেই আয়ারল্যান্ডকে হারায় জিম্বাবুয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে করেন ২৩ বলে ৪০ রান। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ভালো করতে না পারলেও বল হাতে এই দুই ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনবার।
এদিকে দীর্ঘদিন পর রান খড়া কাটিয়ে উঠেছেন ভিরাট কোহলি। এশিয়া কাপের শুরু থেকেই চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

আফগানিস্তানের সঙ্গে শেষ ম্যাচে ১২২ রান করে ঘুচিয়েছিলেন তিন বছর শতকহীন থাকার ব্যর্থতা। সঙ্গে টি-টোয়েন্টিতে পেয়েছিলেন প্রথম সেঞ্চুরির দেখা। বিশ্বকাপেও ধরে রেখেছেন সে

ধারাবাহিকতা। চার ম্যাচের তিনটিতেই অপরাজিত। রান করেছেন ২০৫, গড়ও ২০৫। স্ট্রাইক রেটটাও টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে মানানসই-১৫০.৭৩। অক্টোবরে কোহলি ছুটেছেন এভাবেই।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ২৮ বলে ৪৯ রানের অপরাজিত রানের ইনিংস। সেটা দিয়েই অক্টোবর মাসের শুরু করেছিলেন। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা তো করেছিলেন অবিশ্বাস্যভাবে।

পাকিস্তানের বিপক্ষে মেলবোর্নে ৯০ হাজার মানুষের সামনে খেলা বিরাট কোহলির সে ইনিংসের মুগ্ধতার রেশ এখনো কাটেনি। সাবেক থেকে বর্তমান, অনেক ক্রিকেটারই এই ইনিংসের প্রশংসা করেছেন। কোহলি নিজেও তাঁর খেলা ৫৩ বলে ৮২ রানের ইনিংসকেই সেরা মানছেন। ম্যাচ শেষে কোহলি তা নিজেই জানিয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলার পর নেদারল্যান্ডসের বিপক্ষেও খেলেছেন ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে অক্টোবরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন কোহলি।

যে তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ডেভিড মিলারের নামও। গত অক্টোবরে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ম্যাচ খেলেছেন ৭টি। যেখানে আউট হয়েছেন মাত্র ১ বার। অক্টোবরের শুরুতে ভারতের বিপক্ষে ৪৭ বলে করেছিলেন ১০৬ রান। তবে সে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জেতাতে পারেননি।

বিশ্বকাপে মিলারের অপরাজিত ৫৯ রানের ইনিংসেই ভারতকে হারায় প্রোটিয়ারা। ওয়ানডে ক্রিকেটেও বিশ্বকাপের আগে হওয়া ভারত সফরে খেলেছিলেন ৭৫ রানের অপরাজিত ইনিংস। সব মিলিয়ে ৭ ইনিংসে মিলার রান করেছেন ৩০৩, গড়টাও ৩০৩। স্ট্রাইক রেট ১৪৬.৩৭।