থার্ডআই ডেস্ক

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে পরীক্ষা বর্জন করেছেন দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। নারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নানগারহার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষা বর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করে তালেবানের ঘোষিত সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন নানগারহার ও কান্দাহারের ছাত্ররাও।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। বুধবার ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়নি।

তালেবানের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় উঠেছে। এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। আফগান নারীদেরকেও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। এএফপি জানায়, এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে আজ বৃহস্পতিবার তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারীদের জন্য শিক্ষার দরজা বন্ধ করে দেওয়া ইসলামসম্মত কিংবা মানবিক কোনোটিই নয়। আমরা এ সিদ্ধান্ত সঠিক বলে মনে করি না। ইনশা আল্লাহ, তালেবান এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে।’
গত বছর ক্ষমতা দখলে নেওয়ার পর থেকেই তালেবানরা আফগানিস্তানে কঠোর ইসলামি আইন ব্যাপকভাবে বাস্তবায়ন করতে শুরু করে। তারা মেয়েদের মাধ্যমিক শিক্ষাও নিষিদ্ধ করেছে। বিধিনিষেধের কারণে চাকরিও করতে পারছেন না আফগান নারীরা। এ ছাড়া নারীদের ঘরের বাইরে বোরকা পরে চলতে বলা হয়েছে। তাদের পার্ক ও শরীরচর্চাকেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে। পুরুষ স্বজন ছাড়া নারীদের বাড়ি থেকে দূরে দীর্ঘ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।