নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ রাজপথের দল, কর্মীরা রাজপথ থেকে গড়ে ওঠা। কারও সাথে পাল্টাপাল্টি নয় স্বাভাবিক কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। এ কর্মসূচি আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি বলেন, আওয়ামী লীগকে রাজপথে দেখলে মনে হয় ওদের গায়ে কাঁটা বিদ্ধ হয়। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আ.লীগ রাজপথের দল, রাজপথে আছে এবং রাজপথেই থাকবে। বিএনপির কর্মসূচির দিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে এবং শান্তি সমাবেশ করা হচ্ছে। সরকারে থাকি কিংবা না থাকি যখন ছিলাম না তখনও রাজপথে ছিলাম, এখন সরকারে আছি, ভবিষ্যতে না থাকলে তখনও রাজপথে থাকব।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাট-পোর্ট লিঙ্ক রোডে জেলা প্রশাসন আয়োজিত চট্টগ্রাম ফুল উৎসব উদ্বোধনের পর আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্ঠা করছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর এমন এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
এরপর চট্টগ্রাম ফুল উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, সীতাকুন্ডের ইউএনও মো. শাহাদাত হোসেন।




