নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই নামের একটি মাছধরা ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নিখোঁজ হয় ৯ জেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হন খোকন (৪২) নামে এক জেলে এবং কুপিয়ে জখম করা হয় মধু (৩০) নামে অপর এক জেলেকে।
শুক্রবার দিবাগত রাত ২টায় বঙ্গোসাগরের সোনারচরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনার তালতলী ও নলী এলাকায়। আহত দুই জেলেকে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা শেষে বরিশালে পাঠানো হয়েছে।
এফবি ভাই ভাই ট্রলারের মালিক মনির হোসেন জানান, শুক্রবার বিকাল ৪টায় ট্রলারটি মহিপুর থেকে ১৮ জেলেসহ বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দেয়। পরে রাত ২টার দিকে সোনার চরসংলগ্ন এলাকায় পৌঁছলে ডাকাতরা গুলি ছুড়ে ট্রলারে ওঠে। এ সময় ৯ জেলে তাদের জীবন রক্ষার্থে সাগরে ঝাঁপ দেয়। গুলিবিদ্ধ হয় ১ জেলে এবং ডাকাতরা ১ জেলেকে কুপিয়ে জখম করে। বাকি জেলেদের ট্রলারের ডোপে (মাছ রাখার স্থান) আটকে সবকিছু নিয়ে যায়। পরে পেছন থেকে অপর দুটি ট্রলার আসলে ডাকাতরা তাদের ট্রলার নিয়ে চলে যায়।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, দীর্ঘদিন বঙ্গোপসাগর জলদস্যু মুক্ত ছিল। ফের তারা মাথাচাড়া দিয়েছে। এসব জলদস্যুদের খুঁজে বের করে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।