থার্ডআই ডেস্ক:

তালেবানরা দাবি করছে যে তারা ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং দেশটি ‘যুদ্ধের দুঃস্বপ্ন’ রক্ষা পেয়েছে। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসআইএল (আইএসআইএস) এর আফগান শাখা ধারাবাহিকভাবে হামলা করে তালেবানের সেই দাবি ভেঙে দিয়েছে।

তালেবানরা ক্ষমতায় আসার ছয় সপ্তাহের মধ্যেই ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স- আইএসকেপি (আইএস-কে) কাবুল, জালালাবাদ এবং মাজার-ই-শরীফ শহরে হামলা করেছে।

তালেবানদের ক্ষমতা দখলের মাত্র ১১ দিন পরে গত ২৬ আগস্ট সন্ধ্যায় আইএসকেপি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ আত্মঘাতি বোমা হামলা চালায়।

যার ফলে ১৮০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং শত শত আহত হয়। নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরে বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে।

আইইডি বিস্ফোরণ সহ সাম্প্রতিক এসব হামলায় বেসামরিক মানুষ এবং তালেবান যোদ্ধাদের হত্যা করা হয়েছে। এক টেলিগ্রাম বার্তায় আইএসকেপি জালালাবাদে ৩৫ জন তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে। তবে তালেবান হতাহতের এই সংখ্যা অস্বীকার করেছে।

প্রতিটি হামলার ঘটনার পরই তালেবানরা কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং আইএস-এর প্রতি অনুগত যেকোন শক্তিকে নির্মূল করার অঙ্গীকার অব্যাহত রেখেছে। তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ আল জাজিরাকে বলেন, ‘যারা বিশৃঙ্খলা বীজ বপন করছে তালেবানরা তাদের খুঁজে বের করবে’।