থার্ডআই ডেস্ক:

রাজধানীর পল্লবী এলাকা থেকে নিখোঁজের চার দিন পার হলেও তিন কলেজছাত্রীর সন্ধান পায়নি পুলিশ। তাদের অবস্থান সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি তারা। এ ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার চারজনের একজনকে রোববার রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্য তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদর স্বজনদের সন্দেহ তারা কোনো মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পল্লবী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে মো. রকিবুল্লাহর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর তিন আসামির বয়স নির্ধারণের পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাসা থেকে বেরিয়ে তারা আর ফেরেনি। শনিবার বিকাল ৫টা পর্যন্ত তাদের মোবাইল ফোন বন্ধ ছিল। ফেসবুকেও তাদের পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থী এখনো উদ্ধার হয়নি। অভিযান চলছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

তাদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা জানতে চাইলে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিখোঁজ তিন শিক্ষার্থীর বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে তারা এখন পর্যন্ত দেশে আছে বলেই আমাদের কাছে তথ্য আছে। যেহেতু ওই শিক্ষার্থীদের কোনো পাসপোর্ট নাই, ধরেই নেওয়া যায় বৈধ উপায়ে তাদের দেশ ত্যাগের কোনো সুযোগ নেই। অবৈধ পথে যাতে তারা দেশ ত্যাগ করতে না পারে সেটা নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ। তাদের খোঁজ বের করতে আমাদের অভিযান চলমান রয়েছে।