থার্ডআই ডেস্ক:
ফেইসবুকের ১০ হাজার পাতার অভ্যন্তরীণ গবেষণা ও নথি ফাঁসকারী হুইসেলব্লোয়ার ফ্রান্সিস হাউজেন ফেইসবুকের অভ্যন্তরীণ কার্যপ্রণালী নিয়ে একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন, যা ফেইসবুকের জন্য শুধু বড় ধাক্কা নয়, সম্ভবত পাল্টে দেবে প্রতিষ্ঠানটির প্রতি সাধারণ ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গিও।
আজ মঙ্গলবার মার্কিন সিনেটে সাক্ষ্য দেওয়ার কথা ছিল তার। ঠিক তার আগের দিন মার্কিন টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে ফেইসবুকের নানা নেতিবাচক দিক নিয়ে কথা বলেন তিনি।
ফেইসবুক শুধু নিজের স্বার্থই দেখে উল্লেখ করে হাউজেন বলেন, ‘ফেইসবুকে আমি যেটা বারবার দেখেছি সেটা হলো, জনসাধারণের জন্য কোনটা ভালো আর ফেইসবুকের জন্য কোনটা ভালো, তার মধ্যে স্বার্থের দ্বন্দ্ব।
আর ফেইসবুক প্রতিবারই আরও বেশি মুনাফা অর্জনের মতো নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করছ’।
তার চোখে ফেইসবুকের অবস্থাই সবচেয়ে বাজে। সামাজিক মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থা ফেইসবুকের, উল্লেখ করে তিনি বলেন ‘আমি বেশ কয়েকটি সামাজিক মাধ্যম দেখেছি।
কিন্তু আমি আগে যা দেখেছি, সেই তুলনায় ফেইসবুকের সবকিছুই যথেষ্ট খারাপ’।
অনলাইনে ভুয়া তথ্যের প্রচারণা, মিথ্যাচার, সহিংসতা বন্ধে বিশ্বের সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দাবি করে আসছে ফেইসবুক। কিন্তু প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা বলছে একদমই উল্টো কথা। সমাজব্যবস্থার উপর প্ল্যাটফর্মটির বিরূপ প্রভাবের প্রমাণ উঠে এসেছে একাধিক সূত্র থেকে।
এ প্রসঙ্গে ফেইসবুক সমাজব্যবস্থা ‘ছিড়ে ফেলছে’ মন্তব্য করে হাউজেন বলেন, ‘আমরা এমন একটি তথ্যনির্ভর পারিপার্শিক অবস্থার মধ্যে আছি যেটা ক্ষোভ, বিদ্বেষ এবং মেরুকরণের কন্টেন্ট দিয়ে পূর্ণ, এটা আপনার নাগরিক বিশ্বাসকে ক্ষয় করতে থাকে, একে অন্যের উপর বিশ্বাস নষ্ট করতে থাকে, আমাদের একে অন্যের যত্ন নেওয়ার ক্ষমতা কমাতে থাকে। ফেইসবুকের যে সংস্করণটি এখন আছে সেটা আমাদের সমাজব্যবস্থাকে ছিড়ে ফেলছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে জাতিগত সহিংসতার জন্ম দিচ্ছে’।




