থার্ডআই ডেস্ক:
সাভারে তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
ফায়ার সার্ভিস জানায়, নৌকা ডুবিতে ৭ জন নিখোঁজ হওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যা ৬ টার পর্যন্ত এক নারী ও চার শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজন নিখোঁজ থাকলেও রাত হয়ে যাওয়ায় আলোক স্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল থেকে নিখোঁজ ২ জনের উদ্ধারে অভিযান চালানো হবে।
এর আগে শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে সাভারের আমিনবাজারে তুরাগ নদে ইঞ্জিনচালিত একটি নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর যাওয়ার সময় নদীর মাঝপথে পৌঁছালে উভয় দিক থেকে বালুভর্তি দুই বাল্কহেড যাত্রীবাহী নৌকাটির ওপর উঠে যায়। এ সময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন। নিখোঁজরা মূলত সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তারা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সকলেই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া বাসায় থাকত।
নৌকা ডুবির ঘটনায় বেঁচে ফেরা কাবিল হোসেন (২৬) জানান, ভোর সাড়ে ৫ টায় বড়দেশী গ্রাম হয়ে কেবলারচর থেকে গাবতলীর দ্বীপনগরে কাজের জন্য প্রতিদিনের মতো ট্রলারযোগে গাবতলীর উদ্দেশে রওনা দিই। তুরাগ নদীর মাঝখানে আসলে বালুভর্তি বাল্কহেড দ্রুতগতি ট্রলারে সামনে চলে আসে। এ সময় ট্রলারটি একটু পেছনে চলে আসে। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বালু ভর্তি বাল্কহেড ধাক্কা দেয়।




