থার্ডআই ডেস্ক:
বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো লেবানন। মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশটি এবার অন্ধকারে নিমজ্জিত হল। দেশটির এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, জ্বালানি সংকটের কারণে দেশের দুটি বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র দেইর আম্মার ও জহরানি বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, বিদ্যুৎ গ্রিড ‘আজ দুপুরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে’ এবং বেশ কয়েক দিনের জন্য তা পুনরায় চালু হওয়ার সম্ভাবনাও নেই। গত ১৮ মাস ধরে লেবানন এক মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। যার ফলে জ্বালানি সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে।
এই সংকট দেশটির অর্ধেক জনগোষ্ঠীকে দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়েছে। দেশটির মুদ্রা অচল হয়ে গেছে। এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে বৈদেশিক মুদ্রার অভাব বিদেশ থেকে জ্বালানি আমদানি করাও কঠিন হয়ে পড়েছে।
লেবাননের অনেক মানুষ ইতোমধ্যেই বিদ্যুতের জন্য ব্যক্তিগত ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভর করছেন। জ্বালানি সংকটের মধ্যে এগুলো চালানো ক্রমবর্ধমানহারে ব্যয়বহুল হয়ে উঠেছে এবং দেশব্যাপী বিদ্যুৎ গ্রিডের অভাব পূরণ করতে পারছে না। এই সর্বশেষ শাটডাউনের আগে দেশটির মানুষ প্রায়ই দিনে মাত্র দুই ঘন্টা করে বিদ্যুৎ পাচ্ছিল।
দেশটি ২০২০ সালের আগস্টে বৈরুতের ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ধকল থেকেও মুক্ত হতে পারেনি এখনো। ওই ঘটনায় ২১৯ জন নিহত, ৭ হাজার জন আহত হয়। ওই বিস্ফোরণের পর দেশটির সরকার পদত্যাগ করলে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। আগের সরকার ক্ষমতা ছাড়ার এক বছরেরও বেশি সময় পরে সেপ্টেম্বরে নাজিব মিকতি প্রধানমন্ত্রী হন।




