থার্ডআই ডেস্ক:

প্রতি লিটার ভোজ্যতেলের দাম ৭ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের নেতৃত্বে ভোজ্যতেল ও চিনির মজুত পরিস্থিতি, আমদানি ও মূল্যনির্ধারণ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এর সঙ্গে চিনির দাম বাড়ানোর প্রস্তাবও করা হয়। বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই যখন বাড়তির দিকে, ভোক্তাদের জন্য তখন নতুন এক দুঃসংবাদ এল। সেটি হচ্ছে, ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়তে পারে। ব্যবসায়ীরা চান দাম বাড়ুক, সরকারও তাতে সায় দিয়েছে।

আন্তর্জাতিক বাজারে বেড়েছে, তাই দেশীয় বাজারেও বাড়তে হবে, এ কথা বলে রোববার অবশ্য কবে থেকে বাড়বে এবং লিটারে কত টাকা করে বাড়বে, তা নির্ভর করবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের অনুমোদনের পর। দুই পণ্যেরই উৎপাদক ও পরিশোধনকারী কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ঠিক করা হয় ১৬০ টাকা, যার বর্তমান দাম ১৫৩ টাকা। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৭৬০ টাকা, আর পাম তেল প্রতি লিটার ১১৯ টাকা করার প্রস্তাব করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান এ এইচ এম সফিকুজ্জামান।