থার্ডআই ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০৫ জনে। একই সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৩২ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনে।
শুক্রবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ১০৫ জনের। পরীক্ষা করা হয় ১৭ হাজার ১০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১.৩৬%। এ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৮৮ হাজার ৬২৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫.৩৮% এবং প্রতি ১০০ জনে মৃত্যুহার ১.৭৭%।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে পুরুষ দুইজন এবং নারী দুইজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন, চট্টগ্রামের একজন ও বরিশালের একজন মারা গেছেন। বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন একজন।




