থার্ডআই ডেস্ক:
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদন পেয়েছে।
অর্থ মন্ত্রণালয় বুধবার রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্থানীয় সময় মঙ্গলবার সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে মন্তব্য করেছেন এবং একে বাংলাদেশের উন্নয়নযাত্রার এক মহান মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
বাংলাদেশের পাশাপাশি লাওস ও নেপালও উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে।
জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন দেশ উত্তরণের ক্ষেত্রে পাঁচ বছর প্রস্তুতির সময় পাবে। অর্থাৎ, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে।




