নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ৫ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জনের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের ২ জন ঢাকা বিভাগের, একজন রাজশাহী এবং একজন ময়মনসিংহ বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগে কেউ মারা যাননি।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।