নিজস্ব প্রতিবেদক

পুবালি ও পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণে রাজধানীসহ কিছু কিছু এলাকায় রবিবার ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সোমবারও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান। তিনি বলেন, হালকা বৃষ্টিতে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমলেও এ মৌসুমে আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই। দুয়েকদিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে।

তবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা থাকায় ঝোড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।