শাবি প্রতিনিধি

সিলেট ও সুনামগঞ্জে বন্যার্ত সাড়ে চার হাজারেরও অধিক পরিবারের মাঝে ‘সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’ ত্রাণ বিতরণ করেছে। মঙ্গলবার (২৮ জুন) রাতে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, সিলেটের ৮ উপজেলা ও সুনামগঞ্জের ৬ উপজেলার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছে ‘সংযোগ- কানেক্টিং পিপল ফাউন্ডেশন’। এই ১৪ উপজেলার ৪ হাজার ৬৩১ পরিবারের মাঝে সংগঠনটি ত্রাণ বিতরণ করেছে। এর মধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যার্ত ৫০০ পরিবার, জৈন্তাপুরে ২০০, জকিগঞ্জে ১ম ধাপে ২৫০ ও দ্বিতীয় ধাপে ২০০, কোম্পানিগঞ্জে ২০০, গোলাপগঞ্জে ২০০, বিশ্বনাথে ১ম ধাপে ২০০ ও দ্বিতীয় ধাপে ৩৫০, বালাগঞ্জে ৩০০, সিলেট সদর উপজেলার মোল্লারগাও ইউনিয়নে ২০০, হায়দরপুরে ১৬০ এবং ঘাসিটুলায় ৫৩ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।

এদিকে সুনামগঞ্জের ৬টি উপজেরার মধ্যে ছাতকে ২০০ পরিবার, জামালগঞ্জে ৪০০, শাল্লা ও দিরাইয়ের ৪০৮, জগন্নাথপুরে ৪০০ এবং তাহিরপুরের ৫০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছে ‘সংযোগ’।

ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, চিনি, গুড়, বিস্কুট, আম, খেঁজুর, বোতলজাত বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

এছাড়া সিলেট সদরের টুকেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ১২০ বোতল পানি পৌঁছে দিয়েছে সংগঠনটির সদস্যরা। একইসঙ্গে বন্যাকবলিত নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য ৫৪৪ জনকে এক প্যাকেট করে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ‘সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’ একটি দাতব্য সংগঠন। এটি দেশের বিভিন্ন বিপর্যয় বা দূর্যোগে অসহায় ও দুস্থ মানুষদের সেবায় কাজ করে থাকে। এর আগে সংগঠনটি মহমারী করোনায় রোগীদেরকে অক্সিজেন সরবরাহসহ তাদের বিভিন্ন চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া সংগঠনটি শিক্ষার মান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কাজ করে থাকে।