থার্ডআই ডেস্ক

ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভূক্তকরণের নিন্দা জানিয়েছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ন্যাটো প্রধান জেনস স্টলেনবার্গ কিয়েভের বিরুদ্ধে মস্কো তার পরমাণু অস্ত্র ব্যবহার করলে ‘ভয়াবহ পরিণতি’ হবে বলে সতর্ক করে দিয়েছে,। খবর এএফপি’র।
ন্যাটো প্রধান বলেন, ভূমি দখল বেআইনি ও অবৈধ।
ন্যাটোর মিত্ররা রাশিয়ার অংশ হিসেবে এই ভূখণ্ডের কোন স্বীকৃতি দেবে না এবং তারা তা মেনেও নেবে না।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে দাবি করে বলেন, তার সৈন্যরা এসব ভূখণ্ড দখল করে নিয়েছে।
এদিকে পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ ইউক্রেনের ভূমি দখলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
স্টলেনবার্গ জোর দিয়ে বলেন, মস্কো অধিকৃত এসব অঞ্চল ‘মুক্ত করার তাদের প্রচেষ্টায়’ ন্যাটো ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

ক্রেমলিন বলেছে, অন্তর্ভূক্ত হওয়ায় মস্কো এখন এসব অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে বিবেচনা করছে এবং যুদ্ধে এসব ভূখণ্ড তারা পুরোপুরিভাবে ব্যবহারের ইচ্ছা পোষণ করছে। স্টলেনবার্গ আরও বলেন, পুতিনের পরমাণু হামলার হুমকি দেওয়ার পর ন্যাটো এখন পর্যন্ত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের অবস্থানের কোন পরিবর্তন দেখতে পায়নি।

দিন কয়েক আগেই রাশিয়া দাবি করে, তারা দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনের গণভোটে জয় পেয়েছে। গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ৯৯ শতাংশ মানুষ রাশিয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর। এ চার অঞ্চল ইউক্রেনের গোটা ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ।