নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই।

রাজপথেই নাকি সরকারকে পরাজিত করবে, বিএনপির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংকালে এ কথা বলেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হতে শেখেননি, তিনি হার মানেন না, কখনো হার মানেনি এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে আছে এবং রাজপথে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ

রাজপথ ও নির্বাচনে মোকাবিলা করতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখনো সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে, তারা সরকারের পদত্যাগ নিয়ে হাস্যকর বক্তব্য রাখছে।

বাংলাদেশে সংবিধান আছে, গণতন্ত্র আছে, সংবিধান অনুযায়ীই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ২০২৩ সালের প্রান্তিকে অথবা ২০২৪ সালের শুরুতে সংবিধান সম্মত ভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা, প্রধান নির্বাচন কমিশন এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বর্তমান বিশ্ব সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই।

তিনি বলেন, আজকের এই অর্থনৈতিক সংকট মোকাবিলায় শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এ দুর্দিন অচিরেই কেটে যাবে, দেশে আবারও সুদিন ফিরে আসবে ইনশা আল্লাহ।
দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা দিয়েছেন “টেক ব্যাক বাংলাদেশ” – এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের টেক ব্যাক হলো দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া, দেশকে হাওয়া ভবনের দুর্নীতির সাগরে নিমজ্জিত করা।