থার্ডআই ডেস্ক

তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর বেশিরভাগ প্রদেশে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি। রবিবার সন্ধ্যা নাগাদ অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ইউনিস সেজার। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
“ভূমিকম্পের কারণে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে সারে ৪০ হাজারে এ পৌঁছেছে। বেশিরভাগ প্রদেশে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা লোকদের জন্য অনুসন্ধান ও উদ্ধারের কাজ শেষ হয়েছে” বলেন এএফএডি প্রধান ইউনিস সেজার।

“আমরা সম্ভবত ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছি, ১১টি প্রদেশের বাইরেও ভূমিকম্প এবং আফটারশকের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে” দাবি করেন সেজার।
চলতি মাসের ৬ তারিখে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ১০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পরেছে। ভুমিকম্পের কারণে কোটি ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশংকা দেশ দুটির।
সিরিয়ায়, ৫৮০০ এরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে যার বেশিরভাগই উত্তর-পশ্চিমাঞ্চলে। যদিও বেশ কয়েকদিন ধরেও অপরিবর্তিত এ হিসেব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে তুরস্ক এবং সিরিয়া দুই দেশে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।